খাদ্যগুদামের ধারণক্ষমতা ৩০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা, নিরাপদ খাদ্য আইনে কঠোর শাস্তির প্রস্তাব

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ আবদুস সালাম পিন্টু এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ, খাদ্যগুদামের ধারণক্ষমতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। একই সঙ্গে আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের সংখ্যা বাড়ানোর বিষয়টি তুলে ধরা হয়। আগের নিয়মে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারছেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি করা হচ্ছে।
বৈঠকে জানানো হয়, বর্তমানে সারাদেশের খাদ্যগুদামগুলোর মোট ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন। ২০৩০ সালের মধ্যে এ সক্ষমতা বাড়িয়ে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে কমিটির পক্ষ থেকে দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করা হয়। পুরোনো ও ব্যবহার অনুপযোগী খাদ্যগুদাম সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে নতুন খাদ্যগুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ, ছত্রাকের ঝুঁকি কমানো, খাদ্যশস্যের সঠিক আর্দ্রতা বজায় রাখা এবং মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। খাদ্যগুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানানো হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়ম বা বিচ্যুতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে দেওয়ার প্রস্তাবও রয়েছে।
বৈঠকে খাদ্যমন্ত্রী ও কমিটির সদস্য আফরোজা খানম এমপি বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে বিদ্যমান আইন আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
কমিটির সভাপতি মোঃ আবদুস সালাম পিন্টু বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশনা দেন তিনি।
তিনি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাঁদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে কমিটির অন্যান্য সদস্যের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি, আবুল কালাম এমপি, খোন্দকার আবু আশফাক এমপি, এলিজা জামান এমপি, মোঃ আবু তালেব মন্ডল এমপি, মোঃ আব্দুল করিম এমপি ও শামছুন্নাহার বেগম এমপি উপস্থিত ছিলেন।
এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

খাদ্যগুদামের ধারণক্ষমতা ৩০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা, নিরাপদ খাদ্য আইনে কঠোর শাস্তির প্রস্তাব

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com