প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর দেওয়ার দৃশ্য মুগ্ধ করেছে নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হককে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভাষাগত দক্ষতায় সন্তোষ প্রকাশ করে তিনি তাদের মধ্যে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলছেন সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং ইংরেজিতে উত্তর দিতে উৎসাহিত করেন।কথোপকথনের একপর্যায়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সৌম্যা আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে নিজের পরিচয় দেয়। নিজের নাম জানতে চাইলে সে বলে, ‘My name is Soumya.’ এরপর কোন শ্রেণিতে পড়ে জানতে চাইলে উত্তর দেয়, ‘Class four.’ বাবার নাম ইংরেজিতে বলতে বললেও সাবলীলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে সে।এ ছাড়া ‘আমি চতুর্থ শ্রেণিতে পড়ি’ বাক্যটি ইংরেজিতে অনুবাদ করতে বললে শিক্ষার্থীটি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ‘I read in class four.’ তার তাৎক্ষণিক উত্তরে খুশি হয়ে সংসদ সদস্য ‘Good, good’ বলে প্রশংসা করেন এবং স্নেহভরে তাকে উৎসাহ দেন। এ সময় শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষক ও অন্যরাও শিক্ষার্থীর এমন পারদর্শিতায় আনন্দ প্রকাশ করেন।এ বিষয়ে সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা এবং ইংরেজিতে তাদের আত্মবিশ্বাসী উত্তর শুনে তিনি মুগ্ধ হয়েছেন। তাদের চোখেমুখে স্বপ্ন, মেধা ও সম্ভাবনার যে প্রকাশ দেখা গেছে, তা একটি সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রাথমিক শিক্ষার স্তর থেকেই ইংরেজি ভাষা চর্চা, যোগাযোগের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলা জরুরি। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের আরও দক্ষভাবে উপস্থাপন করতে পারবে।ডা. মো. আনোয়ারুল হক আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা পাবে, আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে এবং বিশ্বদরবারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের তুলে ধরতে পারবে। শিক্ষা, দক্ষতা ও মেধার বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ।





