প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলায় ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা, স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক, বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে দেওয়া একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
পরে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. শরীফ সুলতান মাহবুব।
ডা. সাজ্জাদ হোসেন রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুহঃ জহুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু নারীর স্বাস্থ্যসুরক্ষা ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের বিষয়ে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা জরুরি। প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থবহ করে তুলতে এবং মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে সৈয়দ আহম্মদ কলেজের নারী শিক্ষার্থীদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নারী শিক্ষার্থীরা চিকিৎসকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
এ ছাড়া বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আমিনুর রহমান হীরা, বগুড়া জেলা বিএমএর সদস্যসচিব অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া কেন্দ্রের পরিচালক মো. আনিসুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান, ডা. শফিউল আলম বিটু, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. ইশরাত সুলতানা জিমি, ডা. তাপস দাস, ডা. মনিরুজ্জামান মনির, ডা. আব্দুল আলীম, ডা. গোলাম মোস্তফা রাব্বি ও ডা. রাজিব হোসেনসহ ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পরে ডা. বিটু স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গাবতলীতে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছোঁয়া একাডেমি’ এবং সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট’ পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নারীর স্বাস্থ্যসুরক্ষা, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com