আলমডাঙ্গায় ভ্যান চালাতে গিয়ে অসুস্থ হয়ে চালকের মৃত্যু

দুই ছেলেকে রেখে চিরবিদায়, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; থানায় অপমৃত্যু মামলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় ইন্তাজ আলী (৫২) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভাংবাড়ীয়া ফেরিঘাটপাড়ায় বকুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে নিহতের পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইন্তাজ আলী ভাংবাড়ীয়া-বামানগর সেতুর দিক থেকে ভ্যান চালিয়ে ভাংবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফেরিঘাটপাড়ায় বকুলের বাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় পাশের বাড়ির কয়েকজন বাসিন্দা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। তাঁরা তাঁর মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভ্যানের নিয়ন্ত্রণ হারানোর আগেই তিনি স্ট্রোক করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ইন্তাজ আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত দবির সাধুর মেজো ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সংসারের প্রয়োজনে জীবিকার তাগিদে ভ্যান চালিয়ে উপার্জন করতেন। রোববার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি। তাঁর দুই ছেলে রয়েছে।
সংসারের অভাব-অনটন ও সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার তাগিদে অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন জীবিকার সন্ধানে বের হতেন ইন্তাজ আলী। কিন্তু সেদিনের বের হওয়াই যে তাঁর জীবনের শেষ যাত্রা হবে, তা কেউ ভাবতে পারেননি। তাঁর আকস্মিক মৃত্যুতে দুই সন্তান বাবার স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হলো। পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এ বিষয়ে হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই মনির বলেন, “এটি একটি দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ভ্যান চালাতে গিয়ে অসুস্থ হয়ে চালকের মৃত্যু

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com