চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ১৭ পাসপোর্ট ও ৫ হাজার ভিসার পাতা জব্দ


চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় জাল ভিসা তৈরি ও জালিয়াতির অভিযোগে একটি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় তাঁর হেফাজত থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, জাল ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং পাঁচ হাজার ভিসার সিলমোহরযুক্ত প্রিন্টেড পাসপোর্টের পাতা উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নগরের টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকায় বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালিয়ে আব্দুল মাবুদ (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা-পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহেল রানাসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল মাবুদের হেফাজত থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, একটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, কিবোর্ড, মাউস, দুটি প্রিন্টার ও তিনটি সিল উদ্ধার করা হয়। এ ছাড়া ৫০টি বান্ডেলে রাখা প্রতিটিতে ১০০টি করে মোট পাঁচ হাজার ভিসার সিলমোহরযুক্ত প্রিন্টেড পাসপোর্টের পাতা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও জাল দলিল তৈরির অভিযোগে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫ ও ৪৬৮ ধারার পাশাপাশি বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১), ১১(২) ও ১১(৩) ধারা যুক্ত করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আব্দুল মাবুদের বিরুদ্ধে এর আগেও ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা রয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দায়ের করা ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও সাইবার সুরক্ষা অধ্যাদেশসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছিল।
জাল ভিসা তৈরির সঙ্গে আর কারা জড়িত এবং উদ্ধার করা পাসপোর্ট ও ভিসার পাতাগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তা তদন্ত করে দেখছে পুলিশ।

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ১৭ পাসপোর্ট ও ৫ হাজার ভিসার পাতা জব্দ

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com