নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১৫টি উন্নতমানের সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নেওয়া এ উদ্যোগের ফলে গুরুত্বপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে।
মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুলের উদ্যোগে, উপজেলা পরিষদের অর্থায়নে এবং মহাদেবপুর থানা-পুলিশের সহযোগিতায় এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে।
স্থাপিত ক্যামেরাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য মহাদেবপুর থানায় একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় রাখার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে নওগাঁ শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালুর কয়েক মাসের মধ্যে মহাদেবপুরেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলো।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সিসিটিভি নজরদারি ব্যবস্থা অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্তকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর ও প্রতিরোধমূলক পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ফলে মহাদেবপুর উপজেলা সদরের নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:








