সীমান্তবর্তী জনপদ জয়পুরহাটে ‘ইত্যাদি’, প্রচার ২৭ নভেম্বর

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। জেলার কালাই উপজেলার সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক নান্দাইল দিঘির পাশে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছে এবারের অনুষ্ঠানের মূল মঞ্চ। আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি। নান্দাইল দিঘির স্বচ্ছ জলরাশি ও প্রাচীন ঐতিহ্যের আবহে নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয় অনুষ্ঠানের মঞ্চ। প্রিয় অনুষ্ঠানকে নিজ জেলায় দেখতে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন হাজারো দর্শক। নির্ধারিত সময়ের আগেই দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় অনেকে আশপাশের বহুতল ভবনের ছাদ, রাস্তা, দেয়াল ও গাছের ডালে অবস্থান নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর মধ্যে জয়পুরহাটের কৃতী সন্তান ও দেশের বরেণ্য সংগীতশিল্পী খুরশিদ আলমের জনপ্রিয় তিনটি গান নিয়ে তৈরি করা হয়েছে একটি সংকলিত পরিবেশনা। এ ছাড়া চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় একটি গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। গানটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে তুলে ধরতে থাকছে বিশেষ জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।

অনুষ্ঠানের দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত করা হয় চারজন দর্শককে। পরবর্তী পর্বে তারা জেলার অন্যতম ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।

এবারের অনুষ্ঠানে থাকছে জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি, দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রা, জেলার ইতিহাস-ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যবহুল প্রতিবেদন। পাশাপাশি জেলার বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প তুলে ধরা হবে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের নীরবতাকেই শক্তিতে পরিণত করেছেন তারা।

এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ব্যতিক্রমী শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর থাকছে বিশেষ প্রতিবেদন। যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি তৈরি করেন।

অনুষ্ঠানের শেষদিকে প্রচারিত হবে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ লেয়াকত আলীকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন। পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হয়েও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় নীরবে সহায়তা করে আসছেন তিনি।

এ ছাড়া অনুষ্ঠানে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ, নিয়মিত ‘চিঠিপত্র’ পর্ব এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে একাধিক ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা।

বরাবরের মতো এবারের ‘ইত্যাদি’ও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর হিসেবে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সীমান্তবর্তী জনপদ জয়পুরহাটে ‘ইত্যাদি’, প্রচার ২৭ নভেম্বর

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com