কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল


নেত্রকোনার কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘দেউলী উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।উৎসব মঞ্চে সম্প্রীতি, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ বানাতে চান না। দেশ সবার, তাই রাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উদ্বোধন করেন হাজং সমাজের নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, বিএনপির কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি এম. এ. খায়ের, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দেউলী হাজং সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যবাহী ধর্মীয় ও কৃষিভিত্তিক সাংস্কৃতিক উৎসব। উৎসবকে কেন্দ্র করে হাজং নারী-পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী পোশাক, গান, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠ। নেত্রকোনার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলের হাজং সম্প্রদায়ের মানুষ এতে অংশ নেন।
উৎসবটি হাজং সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com