বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একাধিক রাজনৈতিক বক্তব্যসংবলিত পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে উপজেলা শিক্ষা বিভাগ।
অভিযুক্ত নুর মোহাম্মদ আকন উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের রশিদ আকনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, ইনশাআল্লাহ’ লেখা একটি পোস্ট প্রকাশ করা হয়। অন্য একটি পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে বিএনপির পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়।
এ ছাড়া গত ১৭ নভেম্বর রাতে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ স্বাধীন। এক এক করে সব দখল করে নিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা আরেকটি পোস্ট প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, তাঁর অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট রাজনৈতিক বক্তব্যসংবলিত আরও একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে।
এসব পোস্টের বিষয়বস্তু নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। তাঁদের মতে, একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা জরুরি। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার জানান, কয়েকজন তাঁকে বিষয়টি অবহিত করেছেন। অভিযুক্ত শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁকে সংবাদ পাঠানো হয়েছে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হিজলা উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, তিনি সংশ্লিষ্ট পোস্টগুলো দেখেছেন। ওই শিক্ষক সরকারি দপ্তরের অধীনে কর্মরত থাকায় সংশ্লিষ্ট দপ্তর আইনগত সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পোস্টগুলোর প্রেক্ষাপট পর্যালোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে।









