সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তুলতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহযোগিতা চেয়েছে সংসদ সচিবালয়-সংক্রান্ত কমিটি।সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির তৃতীয় সভায় এ সহযোগিতা চাওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।সভায় কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। এ ছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান) সভায় উপস্থিত ছিলেন।সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫৫টি শূন্যপদ পূরণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জনবল নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সরাসরি নিয়োগযোগ্য প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির একটি পদসহ মোট ১৬টি শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিধিমালা, ১৯৯৪ যুগোপযোগী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সচিবালয়ের আদলে একটি আধুনিক, দক্ষতাভিত্তিক, পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তোলার বিষয়ে সভায় আলোচনা হয়।ভবিষ্যতের চাহিদা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি জনবল কাঠামো প্রণয়নে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।এ লক্ষ্যে ইউএনডিপির কারিগরি সহযোগিতায় আধুনিক জনবল কাঠামোর একটি প্রাথমিক রূপরেখা তৈরির অনুরোধ জানানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত প্রাথমিক রূপরেখা তৈরি করে সরবরাহ করতে ইউএনডিপিকে অনুরোধ জানিয়েছে কমিটি।সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com