জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের ব্রিজ উদ্বোধন করলেন ইউএনও শিল্পী রাণী মোদক


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর এলাকায় টুফা নদীর ওপর নির্মিত কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নবনির্মিত এ কাঠের সেতুর উদ্বোধন করা হয়।
‎
‎দীর্ঘদিনের পারাপারের দুর্ভোগ লাঘবে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎‎উদ্বোধন উপলক্ষে ইউএনও ফিতা কেটে সেতুটির চলাচল কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি চালু হওয়ায় জামালগঞ্জের ঐতিহ্যবাহী সাচনা বাজারের সঙ্গে বেহেলী ইউনিয়নের ১২টি গ্রামসহ তাহিরপুর ও মধ্যনগর উপজেলার কয়েক হাজার মানুষের যোগাযোগ সহজ হবে। এতে বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে হাটবাজারে পরিবহন করতে পারবেন। সেতুটি চালু হওয়ায় অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের যাতায়াত এবং জীবিকার ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হবে।
‎উদ্বোধনকালে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা সহজ ও সচল রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি চালুর ফলে এলাকার মানুষের নদী পারাপার ও দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে এ স্থানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, জেলা বিএনপি কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান উকিল আলী, বেহেলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বেহেলী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মাসুদ আলম মকসুদ, ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার রায়, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের ব্রিজ উদ্বোধন করলেন ইউএনও শিল্পী রাণী মোদক

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com