তৌহিদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরা শহরের মোল্লাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ঈসা আলী (১০) ও হুজাইফা (৯) নামের চাচাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে হুজাইফা মোল্লাপাড়ার বাসিন্দা ইমন বিশ্বাসের ছেলে এবং ঈসা আলী অন্তর বিশ্বাসের ছেলে।স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে দুই শিশু একসঙ্গে বাড়িতে খাওয়াদাওয়া করে। পরে তারা বাড়ির বাইরে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের পাওয়া যায়। দ্রুত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।শৈশবের দুরন্তপনা আর খেলাধুলায় মেতে থাকার বয়সেই দুই শিশুর এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। হৃদয়বিদারক এ ঘটনায় মোল্লাপাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









