জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বড় ভাইয়ের, ছোট ভাইয়ের বিরুদ্ধে লাঠির আঘাতে হত্যার অভিযোগ


তপন দাস,

নীলফামারী সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের পাথরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে। অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। ওই মামলায় আদালতের রায় কেতাব উদ্দিনের পক্ষে আসে। তবে বিরোধপূর্ণ জমিটি ছোট ভাই আবুল হোসেনের দখলে থাকায় বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
সোমবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে কেতাব উদ্দিন গুরুতর আহত হন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
বর্তমানে নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বড় ভাইয়ের, ছোট ভাইয়ের বিরুদ্ধে লাঠির আঘাতে হত্যার অভিযোগ

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com