চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৮) নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক শিমুল দর্শনা পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে শিমুল দেশীয় অস্ত্র নিয়ে জয়রামপুর এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিমুল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ ইঞ্চি লম্বা একটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে শিমুল জড়িত। তার কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল বলেও দাবি করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, অস্ত্রবাজ, চাঁদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, শিমুলের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





