পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের ১৭৫৬ জন কার্ডধারীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের খাদ্য সংকট কিছুটা লাঘব করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চাউল বিতরণ কার্যক্রমে প্রধান তদারকিতে ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। এছাড়াও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার কামরুজ্জান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মাসুদুর রহমান, ইউনিয়ন সচিব হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ঝন্টু মিয়া। এসময় ইউনিয়নের ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাউল বিতরণ কার্যক্রম চলাকালে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ও পুরুষ কার্ডধারীরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের বরাদ্দকৃত চাউল সংগ্রহ করেন।
চাউল বিতরণে যেন কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি না হয়, সেজন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে ভিজিএফের চাউল পৌঁছে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই এ আয়োজন।”
উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের দেওয়া খাদ্য সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে। বিশেষ করে ঈদের আগে এ ধরনের সহায়তা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারের এ ধরনের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদিনব্যাপী চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।





