[post-views]
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ও ন্যায্যমূল্যে বিক্রি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অবৈধভাবে মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে স্থানীয় এক মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পেছনে কৌশলে লুকিয়ে রাখা চারটি ড্রাম থেকে আনুমানিক ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। তিনি বকচর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের স্ত্রী।জব্দকৃত পেট্রোল পরবর্তীতে উপস্থিত মোটরসাইকেল চালকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। প্রতি ৫ লিটার পেট্রোল ৬০০ টাকা দরে বিতরণ করা হয়, যাতে সাধারণ ভোক্তারা স্বল্প মূল্যে জ্বালানি সংগ্রহ করতে পারেন। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মারুফা খাতুনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মজুদ ও কালোবাজারি নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে জ্বালানি কিনতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ও ন্যায্যমূল্যে বিক্রি

31 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com