যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালিকবিহীন চোরাচালানি পণ্যসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা বেনাপোল ও আমড়াখালী এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন ধরনের মাদক ও অবৈধ পণ্য জব্দ করা হয়।জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৯৭৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা। এছাড়া বস্ত্র ও খাদ্যপণ্যের মধ্যে রয়েছে ১৪২টি শাড়ি, ৩ কেজি জিরা, ৬ কেজি কিসমিস, ৫ হাজার ৭২৯টি বিভিন্ন খাদ্যসামগ্রী এবং ১২ হাজার ১২টি চকলেট।এছাড়াও অন্যান্য জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬ হাজার ৬৫৭টি কসমেটিক্স সামগ্রী, ২টি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৬১০ টাকা।বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি এ তথ্য নিশ্চিত করে জানান, আটক দুই আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।









