যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও হুমকির মুখে তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবার পাশে দাঁড়িয়েছে দীর্ঘদিনের মিত্র রাশিয়া। দেশটিতে রাশিয়ার পাঠানো সাত লাখ ৩০ হাজার ব্যারেল (প্রায় ১ লাখ মেট্রিক টন) অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে একটি বিশাল ট্যাংকার কিউবার বন্দরে পৌঁছেছে। রাশিয়ার এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের অবরোধের মুখে থাকা দ্বীপরাষ্ট্রটির জন্য বড় ধরনের এক ‘লাইফলাইন’ হিসেবে দেখা হচ্ছে।শিপ ট্র্যাকিং ডেটা (এলএসইজি) এবং কিউবার পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ার ‘আনাতোলি কোলোদকিন’ নামক ট্যাংকারটি গত সোমবার (৩০ মার্চ) কিউবার মাতানজাস বন্দরে নোঙর করেছে। জাহাজটি গত ৮ মার্চ রাশিয়ার বাল্টিক সাগরের প্রিমোরস্ক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। বর্তমানে জাহাজটি থেকে তেল খালাসের প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে।কিউবার জ্বালানি সংকটের মূলে রয়েছে ওয়াশিংটনের কঠোর অবস্থান। মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ওপর চাপ সৃষ্টির ধারাবাহিকতায় দেশটি থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হুমকি দিয়েছিল যে, কোনো দেশ যদি কিউবায় তেল পাঠায়, তবে তাদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল আক্ষেপ করে জানান, গত তিন মাস ধরে কোনো তেলের ট্যাংকার তাদের দেশে পৌঁছাতে পারেনি, যা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছিল।জ্বালানি সংকটের কারণে ১০ কোটি মানুষের এই দেশটিতে বর্তমানে ভয়াবহ লোডশেডিং চলছে। বিদ্যুৎহীনতায় থমকে গেছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো স্বাস্থ্য খাতের বিপর্যয়। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বিদ্যুৎ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ক্যানসার আক্রান্ত রোগী, বিশেষ করে শিশুদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, যা তাদের মৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।কিউবায় তেল পাঠানো নিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আগেই আলোচনা করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন:”কিউবার মতো বন্ধুদের পাশে দাঁড়ানো রাশিয়ার নৈতিক দায়িত্ব। কিউবার মানুষ বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আমরা উদাসীন থাকতে পারি না। মানবিক কারণে আমরা এই সহায়তা অব্যাহত রাখব।”বিশ্লেষকরা মনে করছেন, ১৯৫৯ সালের কমিউনিস্ট বিপ্লবের পর থেকেই কিউবা জ্বালানির জন্য মস্কোর ওপর নির্ভরশীল। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার এই সরাসরি হস্তক্ষেপ মার্কিন পররাষ্ট্রনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদিও সম্প্রতি ট্রাম্প তার কঠোর অবস্থানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তার আগেই রাশিয়া এই ট্যাংকার পাঠিয়ে কিউবার প্রতি তাদের সমর্থনের জানান দিল।রাশিয়া জানিয়েছে, ভবিষ্যতে কিউবার এই সংকট উত্তরণে আরও তেলের চালান পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।









