চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে একমুখী যান চলাচল (ওয়ানওয়ে) কার্যকর করতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা, যেখানে কোনো প্রকার প্রভাব বা পরিচয়কেও গুরুত্ব দেওয়া হচ্ছে না।সোমবার (৩১ মার্চ) সকাল থেকে সদর হাসপাতাল সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। বিশেষ করে হাসপাতাল সংলগ্ন এলাকায় বিপরীতমুখী যান চলাচল বন্ধে তৎপরতা বাড়ানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সড়কে যানজট ও বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছিল। রোগী ও স্বজনদের চলাচলে ভোগান্তি লাঘবে জেলা প্রশাসনের নির্দেশনায় সড়কটিকে একমুখী ঘোষণা করা হয়। তবে কিছু চালক নিয়ম অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোর চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।অভিযানের সময় নিয়ম ভঙ্গ করে বিপরীত দিক থেকে আসা একটি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত পাজেরো গাড়িকেও থামিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ পুলিশের এমন নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেন।চুয়াডাঙ্গা সদর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, “আইনের চোখে সবাই সমান। সরকারি বা বেসরকারি—কোনো পরিচয়ই নিয়ম ভঙ্গের ক্ষেত্রে ছাড় পাওয়ার কারণ হতে পারে না। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”তিনি আরও জানান, একমুখী সড়ক ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সাধারণ চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এমন উদ্যোগে সড়কে যানজট অনেকটাই কমেছে এবং হাসপাতালে আসা রোগীদের চলাচল সহজ হয়েছে। তবে স্থায়ী সুফল পেতে হলে নিয়মিত নজরদারি অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন তারা।সচেতন মহল বলছেন, আইনের কঠোর প্রয়োগ ও সকলের সম্মিলিত সচেতনতার মাধ্যমেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে পুলিশের এই উদ্যোগ সেই প্রচেষ্টারই একটি ইতিবাচক দৃষ্টান্ত।









