ফুলপুর উপজেলা-র রূপসী ইউনিয়নের ঘোমাগাঁও গ্রামে অভাব ও দুঃচিন্তার কারণে হযরত আলী (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টার দিকে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আলী কিস্তিতে একটি অটোরিকশা কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে নিয়মিত আয় করতে না পারায় তিনি কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। পরে কিস্তির লোকজন অটোরিকশাটি ফেরত নিয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অসুস্থতার পাশাপাশি প্রতিদিন প্রায় ৩৫০ টাকার ওষুধের প্রয়োজন হওয়ায় তাঁর আর্থিক সংকট আরও প্রকট হয়ে ওঠে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, চার মেয়ে ও এক ছেলেসহ সাত সদস্যের সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসারের ব্যয়ভার ও চিকিৎসা খরচ বহন করতে গিয়ে তিনি চরম অর্থকষ্টে পড়েন।
মৃতের ভাই মারফত আলী জানান, অভাব-অনটন ও অটোরিকশা হারানোর দুশ্চিন্তায় তাঁর ভাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছেন তারা।
হযরত আলীর স্ত্রী জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। অটোরিকশা ফেরত নেওয়ার পর থেকেই তিনি আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা শোক প্রকাশ করে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।










