আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় এমপি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা আংশিক ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে এ আসন গঠিত। সেহেতু উপজেলার উন্নয়নে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সমতা বজায় রেখে সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এজন্য তিনি উপজেলার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াল থাবায় যুবসমাজ আজ ধ্বংসের মুখে। তাই মাদককে চিরতরে নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার, থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।










