বিএনপি মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে কুচক্রী মহল ষড়যন্ত্রের বীজ বপন করছে। নানা অপতথ্য ও প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপি ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।রিজভী বলেন, “গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে একটি চক্র নেমেছে। তারা কিছু গণমাধ্যম ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে।”তিনি দাবি করেন, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কথিত মনোনয়ন তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে। অথচ দলের পক্ষ থেকে কোনো মনোনয়ন চূড়ান্ত হয়নি।বিএনপি নেতা বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপি’র পার্লামেন্টারি বোর্ড পালন করে। তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর বাইরে কোনো তথাকথিত ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি।”তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিচ্ছেন। তিনি নেতাকর্মীদের ডোর-টু-ডোর গিয়ে জনগণের মুক্তির সনদ ৩১ দফা প্রচার করতে বলেছেন।”রিজভী জানান, বিএনপির বিশ্বাস একটাই—“জনগণই দলের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডাই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।” তিনি সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান—“জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031