বারহাট্টায় উপবৃত্তির ৬৭ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন, শিক্ষা অফিসার সাময়িক বরখাস্ত

ওমর ফারুক আহম্মদ : নেত্রকোণার বারহাট্টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৬৭ শিক্ষার্থীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। গত ২২ এপ্রিল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গত রোববার। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই ও ডিসেম্বর কিস্তিতে বারহাট্টা উপজেলার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করা হয়। বিষয়টি অনুসন্ধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। এরপর মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হলে তার প্রস্তাবনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে বলে জানতে পেরেছি। তবে এতে আমি জড়িত নই। পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছিল। এ ঘটনায় আমি মামলাও করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেও বিষয়টি জানিয়েছিলাম। তবে এটুকুই আমি বলতে পারি আমি নির্দোষ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম বলেন, ‘বারহাট্টার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৬৭ জন শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তনের ঘটনায় মন্ত্রণালয় ওই উপজেলার শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিকেলে কাগজপত্র পেয়ে শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি এখন থেকে কার্যালয়ে আসবেন না।’

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031