আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা

সারাদেশের মতো আলমডাঙ্গাতেও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকালে দেবী বন্দনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন এবং বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ কামনা করেন। শিক্ষার্থীরা নতুন খাতা-কলম হাতে নিয়ে দেবীর কৃপা প্রার্থনা করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সংকল্প ব্যক্ত করেন। পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম। সংগীতানুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা ও খেলাধুলার আয়োজন পূজাকে আরও আনন্দমুখর করে তোলে। আলমডাঙ্গা পৌর এলাকার প্রায় ১০ টি স্থানে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যায় দীপ প্রজ্বালন, প্রসাদ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। শিক্ষার্থী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজপাড়া শৈশব সংঘের আয়োজনে শিব বাবুর মাঠ মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। এ বিষয়ে শৈশব সংঘের পূজা আয়োজক কমিটির আহবায়ক অঙ্কন বিশ্বাস বলেন, সরস্বতী পূজা জ্ঞান ও সংস্কৃতির প্রতীক। প্রতি বছর তারা এ পূজা অত্যন্ত শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে পালন করেন এবং দেবীর আশীর্বাদে সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে চান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031