টানা তিন দিনের বৃষ্টিতে পানির নিচে পাকা ধান, দিশেহারা আলমডাঙ্গার কৃষক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে আমন ধান ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। অসময়ের বৃষ্টিতে মাঠে পাকা ধান পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে, কয়েক দিন আগে কেটে শুকানোর জন্য জমিতে রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কাটা ধানের আঁটি পানিতে ডুবে আছে, কোথাও ভাসছে। আবার জমিতে থাকা পাকা ধানগাছ বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে। এতে চলতি মৌসুমে ভালো ফলনের আশা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

শনিবার (২১ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আমনখেতের এমন চিত্র দেখা গেছে। বিশেষ করে আলমডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বন্ড বিল এলাকায় কৃষকদের দুর্ভোগ বেশি চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায়, মাঠের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে রয়েছে। কয়েক দিন আগে ধান কেটে জমিতে শুকানোর জন্য রাখা হলেও টানা বৃষ্টির কারণে তা বাড়িতে নিতে পারেননি কৃষকেরা। অনেক স্থানে কাটা ধানের আঁটি পানিতে ডুবে আছে। দীর্ঘ সময় ভিজে থাকায় কিছু ধানের শিষ থেকে অঙ্কুর বের হতে শুরু করেছে। এতে ধানের রং পরিবর্তন, গুণগত মান নষ্ট এবং বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

এদিকে, যেসব কৃষক এখনো ধান কাটতে পারেননি, তাঁদের পাকা ধানও বৃষ্টির পানিতে ভিজে নুয়ে পড়েছে। কোথাও কোথাও ধানগাছ মাটিতে শুয়ে গেছে। ফলে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় কৃষক সাধু বলেন, “তিন দিন আগে ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখে এসেছিলাম। এরপর বাড়িতে নেওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে এখনো ধান বাড়িতে নিতে পারিনি। মাঠে পানি জমে আছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছি। বৃষ্টি কবে শেষ হবে, আর কবে ধান বাড়িতে নিতে পারব, তা বুঝতে পারছি না।”

উপজেলার জামজামি ইউনিয়নের যমুনা মাঠসংলগ্ন ভদুয়া গ্রামের কৃষক মো. আবুল হোসেন বলেন, এবার তিনি প্রায় সাত বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তিনি জানান, শনিবার সাড়ে তিন বিঘা জমির ধান কেটে রেখেছিলেন। রোদ না থাকায় সেগুলো বাড়িতে নিতে পারেননি। পরে বৃষ্টিতে জমিতে পানি জমে যায়। কাটা ধানের অনেক দানায় অঙ্কুরোদ্গমের লক্ষণ দেখা দিয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আলমডাঙ্গার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬ হাজার ৫৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। ব্রি-৪৯, ৫১, ৫২, ৭৫, ৮৭ ও ১০৩ এবং বিনা-১৭ ও ২২ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকেরা। কৃষি বিভাগের হিসাবে, এবার হেক্টরপ্রতি গড় ফলন হয়েছে ৫ দশমিক ৭৫ টন। সেই হিসাবে উপজেলায় প্রায় ৯৫ হাজার ১০৫ টন আমন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মো. মাসুদ হোসেন পলাশ বলেন, চলতি মৌসুমে আমনের ফলন অত্যন্ত ভালো হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় কৃষকেরা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। মাঠে কাটা ধান থাকলে দ্রুত উঁচু জায়গায় সরিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখার পাশাপাশি পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার দুপুর থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে এবং রোববার সূর্যের দেখা মিলতে পারে। আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা না থাকায় শীতের তীব্রতা বাড়তে শুরু করবে বলেও জানান তিনি।

কৃষকদের আশঙ্কা, মাঠের পানি দ্রুত না কমলে কেটে রাখা ধান পচে নষ্ট হতে পারে। পাশাপাশি জমিতে থাকা পাকা ধানের ফলন ও গুণগত মানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বছরের পর বছর পরিশ্রম করে ফলানো ফসল ঘরে তোলার মুহূর্তে এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছেন তাঁরা। মাঠের পানি দ্রুত নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন কৃষকেরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টানা তিন দিনের বৃষ্টিতে পানির নিচে পাকা ধান, দিশেহারা আলমডাঙ্গার কৃষক

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com