পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমাসদৃশ বস্তু, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়; মিলল আ.লীগের লোগোযুক্ত স্মারকলিপি


পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া বোমাসদৃশ একটি বস্তু প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিরাপদ স্থানে নিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। পরে এর ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে এবং বস্তুটির আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়ে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়। রাতে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর বস্তুটি নিষ্ক্রিয় করেন।
এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ জানান, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।
তিনি আরও জানান, বস্তুটির ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়া গেছে। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতে বস্তুটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রেখে যায়। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমাসদৃশ বস্তু, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়; মিলল আ.লীগের লোগোযুক্ত স্মারকলিপি

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com