১২ নভেম্বর আলমডাঙ্গার স্মরণীয় রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ

মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ প্রতিরোধে শত্রুপক্ষের ক্যাম্পের পতন, শহীদ হন তিন মুক্তিযোদ্ধাসহ চারজন। জানা যায়,
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে ১২ নভেম্বর সংঘটিত হয় এক স্মরণীয় রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার ও মিলিশিয়া পুলিশের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রায় ১২ ঘণ্টাব্যাপী এ যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে আলমডাঙ্গার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
যুদ্ধকালীন আলমডাঙ্গা থানা গেরিলা কমান্ডার মো. আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ঈদুল ফিতরের নামাজের জামাত থেকে চিহ্নিত শান্তি কমিটির সদস্যদের আটকের পরিকল্পনা করেন। এ লক্ষ্যে তিনটি দলে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা শহরের দক্ষিণে ডামস, বেলগাছী ও পূর্ব দিকে বকশীপুর গ্রামে অবস্থান নেন। পরিকল্পনা অনুযায়ী ১২ নভেম্বর আক্রমণের প্রস্তুতি চলছিল। কিন্তু ১২ নভেম্বর ভোরে শহরের দক্ষিণ-পূর্বে আনন্দধাম ব্রিজের কাছে রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের রেকি দলের আকস্মিক গোলাগুলি শুরু হলে যুদ্ধ ছড়িয়ে পড়ে।
পরে গেরিলা কমান্ডার আব্দুল হান্নান, মুজিব বাহিনীর কমান্ডার কাজী কামাল, মারফত আলী, আবদার রহমান জোয়ার্দারসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা যুদ্ধে যোগ দেন। প্রায় ৫০০ মুক্তিযোদ্ধা সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন স্থানে পাকিস্তানি সৈন্য, রাজাকার ও মিলিশিয়া ক্যাম্পে সম্মিলিত আক্রমণ চালান। দুপুর ১২টার মধ্যে শহরের অধিকাংশ এলাকা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে আসে। তবে আলমডাঙ্গা থানা দখল করা সম্ভব হয়নি।
এদিন রেলওয়ে ব্রিজ, টেলিফোন এক্সচেঞ্জ, রেলস্টেশন, আনন্দধাম ব্রিজ, চারতলা ভবনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তীব্র যুদ্ধ সংঘটিত হয়। দুপুরে আলমডাঙ্গা থানা দখলের জন্য মুক্তিযোদ্ধারা কয়েক দিক থেকে আক্রমণ চালালেও শক্তিশালী বাংকার ও সুরক্ষিত অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। যুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধা আহত হন। অন্যদিকে খাদ্যগুদাম ও রেলস্টেশন এলাকায় বেশ কয়েকজন রাজাকার অস্ত্রসহ আত্মসমর্পণ করে।
দিনভর যুদ্ধের একপর্যায়ে পাকিস্তানি সৈন্যদের আকস্মিক গুলিতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল হোসেন নান্নু। এর আগে টেলিফোন এক্সচেঞ্জ এলাকায় শহীদ হন আনসার আলী এবং ত্রিমোহিনীর কাছে ডাকবাংলার সম্মুখে শহীদ হন খন্দকার আশরাফ আলী আশু। একই এলাকায় নিজ বাড়িতে রাজাকারের গুলিতে প্রাণ হারান সমাজসেবক ডা. বজলুল হক।
১২ নভেম্বরের এ সম্মুখযুদ্ধে শহীদ তিন মুক্তিযোদ্ধা হলেন—মোল্লা আবুল হোসেন নান্নু, খন্দকার আশরাফ আলী আশু ও আনসার আলী। আহত হন জামাল উদ্দিন ও গোলাম মোস্তফা দুলাল। দীর্ঘ সময়ের যুদ্ধ, হতাহত ও ক্লান্তির কারণে সন্ধ্যার পর মুক্তিযোদ্ধারা নতুন করে আক্রমণ চালাতে পারেননি।
আলমডাঙ্গার মুক্তিযুদ্ধের ইতিহাসে ১২ নভেম্বরের এ রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ মুক্তিকামী মানুষের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের এক গৌরবোজ্জ্বল স্মারক হয়ে রয়েছে। শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: মো. আব্দুল হান্নান
যুদ্ধকালীন থানা গেরিলা কমান্ডার
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

১২ নভেম্বর আলমডাঙ্গার স্মরণীয় রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com