
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ইনসারুল হক ইন্সু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৬ জুলাই ২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
ইনসারুল হক ইন্সু গাংনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত থেকে তিনি দলীয় নেতাকর্মীদের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে গাংনীসহ মেহেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।






