সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট থেকে মন্নান ঘাট হয়ে গজারিয়া পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন বৈধ ইজারার টোল আদায় কার্যক্রমে বাধা, কালেক্টরদের হুমকি ও হয়রানির অভিযোগ তুলেছেন ইজারাদাররা। এ পরিস্থিতিতে নির্বিঘ্নে টোল আদায় কার্যক্রম পরিচালনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদারদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
লিখিত বক্তব্যে ইজারাদাররা জানান, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল তাঁদের বৈধ টোল আদায় কার্যক্রমে বাধা সৃষ্টি করে আসছে। একই সঙ্গে ইজারা রশিদ ছাড়াই অবৈধভাবে টাকা আদায় করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া সরকারি বরাদ্দে স্থাপিত বিলবোর্ড ভাঙচুর এবং নিয়োগকৃত কালেক্টরদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তাঁরা।
তাঁরা আরও জানান, মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে গত ১৭ নভেম্বর থেকে পুনরায় বৈধভাবে টোল আদায় কার্যক্রম শুরু করেন। কিন্তু কার্যক্রম শুরুর পর থেকেই কিছু স্বার্থান্বেষী ব্যক্তির নেতৃত্বে কালেক্টরদের টোল আদায়ে বাধা দেওয়া হচ্ছে এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৫ নভেম্বর) তাঁদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে একটি মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ করেন ইজারাদাররা। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে ইজারাদাররা বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারি নিয়মনীতি অনুসরণ করেই ইজারাকৃত কার্যক্রম পরিচালনা করতে চান। কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে তাঁরা জড়িত হতে চান না। সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে বৈধ টোল আদায় কার্যক্রম নির্বিঘ্ন রাখা জরুরি।
এ সময় তাঁরা পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ইজারা রশিদ ছাড়া অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বৈধ টোল আদায়ে বাধা প্রদান এবং কালেক্টরদের হুমকি ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি টোল আদায় কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।









