প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মিড ডে মিল, নৈতিক শিক্ষা ও শিক্ষক নিয়োগে গুরুত্ব দিল সংসদীয় কমিটি
প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু, নৈতিক শিক্ষা বাস্তবায়ন, মানসম্মত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মাহমুদা হাবিবা এমপির সভাপতিত্বে স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সদস্য মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রথম সভার আলোচ্য বিষয়গুলোর সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান নন-ফরমাল এডুকেশন ডেভেলপমেন্ট কার্যক্রম এবং পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
কমিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধে তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালুর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঞ্চলের সব বিদ্যালয় যেন এর আওতায় আসে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের বিষয়েও মন্ত্রণালয়কে পরামর্শ দেয় কমিটি।
বৈঠকে দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ করা হয়। পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এমনভাবে পরিচালনার পরামর্শ দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরে প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর করতে না হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
এ ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুততর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের খাতভিত্তিক বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর স্থায়ী কমিটির কাছে উপস্থাপনের সুপারিশও করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









