সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ বাড়াতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনার তাগিদ
বাংলাদেশের জাতীয় সংসদকে আরও দক্ষ, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেছেন, দেশের যোগ্য, দক্ষ ও মেধাবী নাগরিকদের পাশাপাশি তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে এসে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ গঠন এবং রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের দি সিক্স সিজনস হোটেলে ‘How Can the Jatiya Sangsad Be Made More Efficient and Effective’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, দুঃখজনক হলেও সত্য, যারা প্রকৃত অর্থে যোগ্য, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সক্ষম, তাঁদের অনেকেই রাজনীতিতে আসতে চান না। জাতীয় সংসদকে কার্যকর করতে হলে এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। রাজনীতিতে যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে।
বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দেশে বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয় এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ২০০৮ সালের পর দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনমূলক ও ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়কে আরও দক্ষ, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদের কার্যকর পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব সাংবিধানিক বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও নতুন করে ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে আলোচনা প্রয়োজন। সংসদ সদস্যরা যেন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেন, ভিন্নমত তুলে ধরতে পারেন এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালন করতে পারেন, সে সুযোগ কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, তা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে।
বর্তমান সংসদের কার্যক্রম প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের সংসদ পেয়েছি। এখানে সরকারি ও বিরোধী দলের একসঙ্গে কাজ করার চমৎকার পরিবেশ রয়েছে। এখনই সময় জাতীয় সংসদকে সত্যিকার অর্থে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার।
তিনি বলেন, দিনশেষে এই দেশ সবার। দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এ জন্য সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়ের দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন এবং তাঁদের মতামত তুলে ধরেন।
ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় ঢাকা ট্রিবিউন এ সেমিনারের আয়োজন করে।









