পিছিয়ে থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ, মাঠপর্যায়ের সেবা কার্যক্রম তদারকির সুপারিশ
ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন, উপকারভোগীদের তথ্য যাচাই এবং অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রয়োজনে একাধিকবার তদন্ত, যাচাই ও গণশুনানির মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি, সরওয়ার জামাল নিজাম এমপি, মোহাম্মদ সালমান ওমর এমপি, আরিফা সুলতানা এমপি, নিপুন রায় চৌধুরী এমপি, মো. মুজিবুর রহমান এমপি, মো. মাজেদুর রহমান এমপি এবং মো. মোস্তাফিজুর রহমান এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের সিদ্ধান্ত কার্যকর ও বাস্তবায়নের জন্য কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন, এতিম ও অসহায় শিশুদের সুরক্ষা এবং চলমান প্রকল্পগুলোর আর্থিক ও বাস্তব অগ্রগতি সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়। যেসব প্রকল্প নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে রয়েছে, সেগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে বলা হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি উপকারভোগীদের তথ্য যাচাই এবং অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিটি। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়। মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত রাখার সুপারিশও করা হয়।
মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সেবা কার্যক্রম আরও গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পরবর্তী বৈঠকে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কমিটির কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সভাপতি কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









