মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে, যথাযথ আইনি প্রক্রিয়ায় হবে বিচার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর আদালত আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারেই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান দেশের মানুষ স্মরণ করে। এ দেশের রাজনীতিতে দলটির গ্রহণযোগ্যতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজন হলে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে ভবিষ্যতে দেশে স্বৈরাচারী শাসনের পুনরুত্থান ঠেকাতে সরকার কাজ করবে।









