দাপ্তরিক কাজে শৃঙ্খলা, নথিপত্র সংরক্ষণে স্বচ্ছতা এবং ব্যবসায়ীদের সঙ্গে কার্যকর সমন্বয়—এই তিন বিষয়কে গুরুত্ব দিয়ে আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দপ্তর সম্পাদক পদপ্রার্থী এম সনজু আহমেদ। আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে টিয়া পাখি প্রতীকে ভোট ও সমর্থন চেয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাদুমাজু ও পৌর এলাকার বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেন সনজু আহমেদ। এ সময় তিনি ব্যবসায়ীদের খোঁজখবর নেন, তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং সমিতির দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগে সনজু আহমেদ বলেন, বণিক সমিতি শুধু একটি সাংগঠনিক প্রতিষ্ঠান নয়, এটি ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকারসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দাপ্তরিক কাজে শৃঙ্খলা, প্রয়োজনীয় কাগজপত্রের যথাযথ সংরক্ষণ এবং সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সমিতির দাপ্তরিক কার্যক্রম সুশৃঙ্খল ও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান। সদস্যদের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, দাপ্তরিক কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় জোরদার করাকে অগ্রাধিকার দেবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ব্যবসায়ী ভোটারদের দোয়া, সমর্থন ও টিয়া পাখি প্রতীকে মূল্যবান ভোট কামনা করেন।
সনজু আহমেদ আলমডাঙ্গা বণিক সমিতির সদস্য, সনজু ফার্নিচারের স্বত্বাধিকারী এবং আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। ব্যবসা, সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি।
এদিকে নির্বাচন ঘিরে আলমডাঙ্গার বাজার ও ব্যবসায়িক এলাকাগুলোতে প্রার্থীদের প্রচার-প্রচারণা বাড়ছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ব্যক্তিগত মতবিনিময় এবং নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এতে ব্যবসায়ী মহলেও নির্বাচনী আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা বণিক সমিতি সম্ভাব্য ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা ১ হাজার ২০৯ জন বলে জানা গেছে। জেলার অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন হিসেবে পরিচিত এ সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে আলমডাঙ্গার ব্যবসায়িক অঙ্গন।









