নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারে অবস্থিত মেসার্স মন্ডল ট্রেডার্স–এ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দোকানটি দীর্ঘদিন ধরে লিটারপ্রতি ১৫০ টাকা দরে পেট্রোল বিক্রি করছে, যা বর্তমান বাজারদরের তুলনায় অনেক বেশি।মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ ফজলুল হক। প্রতিষ্ঠানটি যমুনা ওয়েল কোং লিঃ–এর একজন অনুমোদিত পরিবেশক হিসেবে পরিচিত। এখানে জ্বালানি তেল ছাড়াও গ্যাস, গ্যাসের চুলা এবং বিভিন্ন কীটনাশক খুচরা ও পাইকারি বিক্রি করা হয়।স্থানীয় ভোক্তাদের অভিযোগ, দোকানটি দীর্ঘদিন ধরেই অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করে আসছে। অনেকে অভিযোগ করেও প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। ফলে সাধারণ চালক, কৃষক এবং নিম্ন আয়ের মানুষ প্রতিদিন অতিরিক্ত মূল্য গুনতে বাধ্য হচ্ছেন। এতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে এবং ভোক্তা অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।সরকারি নিয়ম অনুযায়ী, অনুমোদিত কোনো ডিলার বা পরিবেশক নির্ধারিত দামের বাইরে জ্বালানি বিক্রি করতে পারেন না। এ ধরনের কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ প্রশ্ন তুলছেন—নিয়মিত বাজার তদারকি ও প্রশাসনিক নজরদারি কোথায়?ভোক্তাদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যদি একটি অনুমোদিত পরিবেশক দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করতে পারে, তাহলে সাধারণ মানুষের স্বার্থ কোথায় রক্ষা পাবে?স্থানীয়রা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের প্রত্যাশা—দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বন্ধ হবে।বাগাতিপাড়া উপজেলার বহু ভোক্তা আশা করছেন, প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে এলাকাটিতে আবারও স্বাভাবিক বাজার পরিস্থিতি ফিরিয়ে আনবে।










