যশোর-মাগুরা মহাসড়কে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মণিরামপুরের পরিচিত ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া (জনি), তার পিতা মজিদ সরদার এবং তার শিশুকন্যা।গুরুতর আহত অবস্থায় জনির স্ত্রী, পুত্র ও মাতাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি নিজ গন্তব্যে ফিরছিল। রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশের একটি বড় বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত গতি অথবা চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।এদিকে, একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে মণিরামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










