চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু ও অন্তত ৭০টি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে হারদী ও বাড়াদী ইউনিয়নের উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামে এ দুর্যোগ আঘাত হানে।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে এবং বহু পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঝড়ের তাণ্ডবে তাদের বছরের একমাত্র আয়ের উৎস মাঠের ফসল নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বহু ফলজ ও বনজ গাছ উপড়ে পড়ায় দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে কিছু সহায়তা বিতরণ করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এলাকাবাসী দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।










