ভারতীয় ক্রিকেটের এক সময়ের ত্রাস, লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল নিজের ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করতে এক কঠিন ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, গত ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি পুরোপুরি অ্যালকোহল বা মদ্যপান ত্যাগ করেছেন। মাঠের পারফরম্যান্সে ধার বাড়াতে এবং ফিটনেসের চূড়ায় পৌঁছাতেই তার এই আমূল পরিবর্তনএক সময় ভারতের সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ যাদবের সঙ্গে জুটি বেঁধে (কুল-চা) প্রতিপক্ষকে কুপোকাত করতেন চাহাল। দেশের হয়ে ৭২টি ওয়ানডে এবং ৮০টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও ২০২৩ সালের আগস্টের পর থেকে জাতীয় দলের দরজায় আর কড়া নাড়তে পারেননি তিনি।সবচেয়ে বড় আক্ষেপ হয়ে আছে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে প্রথম ১০০ উইকেটের মাইলফলক। ৯৬ উইকেটে দাঁড়িয়ে থাকা চাহালকে টপকে সেই রেকর্ড ইতোমধ্যে নিজেদের করে নিয়েছেন আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া।জাতীয় দলে ব্রাত্য হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চাহাল এখনও অপ্রতিদ্বন্দ্বী। ২২১ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি। গত মৌসুমে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলতে ১৬ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখলেও, তার চড়া ইকোনমি রেট নিয়ে সমালোচনা হয়েছিল। এই ফিটনেস ও নিয়ন্ত্রণের অভাবেই মূলত তিনি মদ্যপান ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।মাঠের বাইরের জীবনটাও খুব একটা সহজ ছিল না চাহালের জন্য। বিশেষ করে স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর তাকে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। ব্যক্তিগত জীবনের সেই ধাক্কা সামলে উঠে এখন পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করতে চাইছেন এই লেগি।










