ঈদে বাড়ি ফেরা হলো না সাগরের: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন মো. সাগর (২৮) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার নগরজালফৈ বাইপাস এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত সাগর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাগর। মহাসড়কের নগরজালফৈ বাইপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো একটি ভারী যানবাহন তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সাগরের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সাগর মোটরসাইকেলে করে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘাতক যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।”তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এদিকে সাগরের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয়। স্বজনরা জানান, পরিবারের সাথে ঈদ করার জন্য অনেক আনন্দ নিয়ে তিনি যাত্রা করেছিলেন। কিন্তু পথিমধ্যেই ঘাতক ট্রাক বা বাস তার সব স্বপ্ন কেড়ে নিল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031