চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বাদ আসর পূর্বপাড়া ঈদগাহ ময়দানে “পূর্বপাড়া প্রবাসী জনকল্যাণ সংস্থা, বেলগাছি”-এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং দেশ-বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ, জাতি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়।
ইফতার মাহফিলে বেলগাছি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রবাসী জনকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রোজাদারদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং আয়োজনের প্রশংসা করেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
এ ধরনের আয়োজন এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










