চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া বাজার সংলগ্ন এলাকায় লাইসেন্স ব্যতীত পেট্রোল বিক্রয়, পরিবহন ও মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিনারুল স্টোরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৩টার দিকে পরিচালিত এ অভিযানে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মিনারুল স্টোর দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই পেট্রোল বিক্রি, পরিবহন ও মজুদ করে আসছিল। এ সময় দোকানটিতে মজুদ থাকা প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
পরবর্তীতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জের উপস্থিতিতে জব্দকৃত পেট্রোল স্থানীয় ভোক্তাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।










