দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনের নীতিমালার পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী জেলার দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টুকে দলীয় সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে ১৮ মার্চ ২০২৬ তারিখ থেকেই।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
এ বিষয়ে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ স্বাক্ষর করেন।
জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দলের নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।










