ঝিনাইদহ প্রতিনিধি: ১৩ মার্চ ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের দোয়া ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের নারী নেতাদের দোয়া মাহফিলে বক্তৃতা চলাকালীন সময় কিছু বিএনপি সমর্থক মারামারি শুরু করেন। সংঘর্ষে আহত হন ৮নং ওয়ার্ড জামায়াত নেতা তবিবার রহমান (৪৪), ছাত্রদল নেতা শিপন হোসেন (২৫), শিমুল (২৪), বিএনপি কর্মী মোঃ হোসেন আলী (৫৫), তরু মিয়া (৪৮), শহিদুল ইসলাম (২৭), আব্দুল রহমান (৫০) ও যুবদল নেতা আবু কালাম। আহতদেরকে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের পর বিকেলে বিএনপির কিছু নেতা-কর্মী সংগঠিতভাবে এসে এলাকায় জামায়াত নেতা-কর্মীদের বেশ কিছু দোকান ভাঙচুর চালান। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত টহল দিয়েছেন। জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি মূল্যায়নের জন্য জরুরি বৈঠক ডেকেছেন। প্রশাসন বলেছে, দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা পুলিশের কাছে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে কোনও ধরণের সংঘর্ষ এড়ানোর জন্য সতর্ক থাকতে বলেছে।










