চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার ১২ মার্চ সকাল সাড়ে দশটা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রির দায়ে কার্তিক চন্দ্র বসুর প্রতিষ্ঠান বসু সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিষিদ্ধ কসমেটিকস বিক্রির অপরাধে একই আইনের ৪৫ ধারায় টিনা দেবীর প্রতিষ্ঠান পলক গিফট কর্ণারকে ২৫ হাজার টাকা, মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিষ্ঠান মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫ হাজার টাকা, মো. দেলোয়ার হোসেনের প্রতিষ্ঠান মা রোকেয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মোছা. মাহফুজা খাতুনের প্রতিষ্ঠান মামুন গিফট কর্ণারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অনিয়ম সংশোধন করে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে বড় বাজার এলাকার বিভিন্ন হোটেল, পাইকারি ভোজ্য তেল ও মসলার দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।










