পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং

খুলনার পাইকগাছায় ভোজ্যতেল নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি ঠেকাতে বাজারে ভ্রাম্যমাণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় পাইকগাছা পৌরসভার বিভিন্ন বাজার ছাড়াও চাঁদখালী ও কপিলমুনি ইউনিয়নের কয়েকটি খুচরা তেল বিক্রেতার দোকান পরিদর্শন করা হয়।

মনিটরিংকালে দোকানগুলোতে ভোজ্যতেলের মজুদ, বিক্রয়মূল্য ও বিক্রয় পদ্ধতি যাচাই করা হয়। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

এ সময় দোকানগুলোতে প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ফোন নম্বর টানিয়ে দেওয়া হয়, যাতে কোনো দোকান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করলে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে তেল বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। বাজারে কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনের দেওয়া নম্বরে অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি।

এদিকে স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত মনিটরিং থাকলে বাজারে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকটাই কমে আসবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031