নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে ঈদকে ঘিরে পটকা (বোমা সদৃশ আতশবাজি) তৈরি করতে গিয়ে বিস্ফোরণে তিন শিশু গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে একজনের হাতের কব্জি থেকে পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের মিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিশু মিলে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে পটকা তৈরি করে তা ফোটানোর চেষ্টা করছিল নবনির্মিত একটি মসজিদের ছাদে। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তিন শিশু গুরুতর আহত হয়।
আহতরা হলো— রনক (১৩), পিতা: জাকির হোসেন; হুচাইন (১০), পিতা: উজ্জ্বল আলী; ও আলমিয়া (১০), পিতা: আমদ আলী।
বিস্ফোরণে রনক নামের শিশুটির হাতের কব্জি থেকে পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রনকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা-র অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, শিশুদের ঝুঁকিপূর্ণ খেলাধুলা ও আতশবাজি তৈরির বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।










