যশোরের মনিরামপুরে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি সালাউদ্দিন বাবলা (৪৫) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বুধবার (৪ মার্চ) ঝাঁপা পুলিশ উপকেন্দ্রের এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। বাবলা রাজগঞ্জ বাজারের কলেজসংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন বাবলা ঝাঁপা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিনের ছেলে। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
মনিরামপুর থানা সূত্র জানায়, বাবলার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি মনিরামপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ জানান,“ঝাঁপা পুলিশ উপকেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সালাউদ্দিন বাবলাকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।










