আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া পানির মোটর উদ্ধার এবং এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের বাসিন্দা মোঃ ইসরাফিল হোসেন (৩৩), পিতা- আব্দুল হান্নান মন্ডল, চাকরির সুবাদে আলমডাঙ্গা পৌরসভার এক্সচেঞ্জপাড়া এলাকায় মোঃ রিন্টু হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। বাড়ির মালিক অনুপস্থিত থাকায় বাড়ির সার্বিক দেখভালও তিনি করতেন।
গত ১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ভাড়া বাসার সীমানা প্রাচীরের ভেতরে থাকা টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত গাজী কোম্পানির ১ (এক) হর্স পাওয়ারের একটি পানির মোটর চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরটি উদ্ধার করতে ব্যর্থ হন ভুক্তভোগী। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু হয়। পরে এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে আলমডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের এক্সচেঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইটের রাস্তার ওপর থেকে চোরাই পানির মোটরসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এক্সচেঞ্জপাড়া, আলমডাঙ্গা পৌরসভা এলাকার বাসিন্দা, পিতা- মোঃ __, আসামি- মোঃ বসির আহম্মেদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।










