কুষ্টিয়া, ২২ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র মাহে রমজান-২০২৬কে সামনে রেখে কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার রাজনৈতিক, ব্যবসায়িক, পরিবহন নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, বাজার মনিটরিং জোরদার এবং ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুষ্টিয়ায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রমজান মাসে যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা কমানো, ছিনতাই-চুরি প্রতিরোধ এবং বাজারে ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায় রোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।










