চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক ইটভাটা মালিককে হত্যার উদ্দেশ্যে হামলা ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোষবিলা গ্রামের মোঃ মোরসালিন (২৪) তার পিতার পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, মোরসালিনের পিতা ব্যবসায়ী একটি ইটভাটার মালিক। ভাটার নাম এনএস ব্রিকস, যা মধুপুর, জামজামি এলাকায় অবস্থিত।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে ভাটার অফিসে বসে থাকা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা রামদা, লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠিসহ ভাটার অফিসে প্রবেশ করে। তাদের মধ্যে ১ নম্বর আসামি জিআই পাইপ দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান।
পরবর্তীতে অভিযোগ অনুযায়ী, অন্যরা তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছে থাকা ব্যবসায়িক নগদ ২ লাখ ৯৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলার সময় স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তদের মধ্যে কয়েকজন পালিয়ে যায়। দুইজনকে আটক করে পরে স্থানীয়রা ছেড়ে দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার পর আহত ব্যক্তিকে স্বজনরা দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।










